Homeবাংলাদেশসড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কঠোর আইনি পদক্ষেপের পাশাপাশি সমন্বিত সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

তিনি বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা কেবল কোনো একটি সংস্থার কাজ নয়; বরং সবার সম্মিলিত সামাজিক প্রচেষ্টার মাধ্যমেই সড়ক দুর্ঘটনার মতো মারাত্মক সমস্যা প্রতিহত করা সম্ভব।

বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চট্টগ্রাম-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

জাতীয় নিরাপদ সড়ক দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আমাদের সড়কে প্রতিদিনই মূল্যবান প্রাণ ঝরে যাচ্ছে এবং অপূরণীয় জানমালের ক্ষতি হচ্ছে।

এই মানবিক ও সামাজিক বিপর্যয় থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিকারের উপায় বের করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

মহাসড়কে যেখানে-সেখানে যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করাকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী এর সাথে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। ড্রাইভিং লাইসেন্স প্রদান ও যানবাহনের ফিটনেস সনদের ক্ষেত্রে কোনো প্রকার অনিয়ম বা অন্যায্য তদবির সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী।

তিনি স্পষ্ট জানান, একমাত্র বিআরটিএ কর্তৃক বৈধভাবে সার্টিফায়েড ড্রাইভিং লাইসেন্সই দেশের সড়কে যানবাহন চালানোর জন্য গ্রহণযোগ্য বিবেচিত হবে।

রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা ও ‘চাঁদের গাড়ি’ ব্যবহার করে অপরাধীরা বিভিন্ন অসামাজিক ও সহিংস কার্যক্রম চালাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী এ বিষয়ে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি চালক ও মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান, যাতে কোনো অপরাধী চক্র সিএনজি অটোরিকশাকে অপরাধের বাহন হিসেবে ব্যবহারের সুযোগ না পায়।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মো. নাজিমুল হক, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ চট্টগ্রামের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হালিম এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments