
চব্বিশের গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক হত্যার মামলায় সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৪ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার শুনানির জন্য এই দিন ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম।
সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর এম. আনিছুর রহমান আনিছ জানান, এ মামলায় কারাগারে থাকা আসামিদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। এ কারণে তাকে এই মামলায় উপস্থিত করতে পারেনি কারা কর্তৃপক্ষ।
তাই অভিযোগ গঠন শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেন বিচারক।
জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে ট্রাকচালক মো. হোসেন নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০২৫ সালের ২৩ নভেম্বর আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আকরামুজ্জামান।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান প্রমুখ।

