
মাদারীপুর বিষেশ প্রতিনিধি:বেলায়েত হাওলাদর
মাদারীপুরের রাজৈর উপজেলার নয়ানগর এলাকায় উচ্চস্বরে গান বাজানো নিষেধ করায় সেনাবাহিনীর সদস্য প্রশান্ত বৈদ্য (৩০) মারাত্মক হামলার শিকার হয়েছেন। সোমবার (৭ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশান্ত বৈদ্য এলাকার কিছু যুবককে উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে একদল যুবক তাকে হাতুড়ি দিয়ে বেধড়ক মারধর করে। এতে তার একটি পা ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে বরিশাল সিএমএইচ-এ (সম্মিলিত সামরিক হাসপাতাল) ভর্তি করা হয়।
এ ঘটনায় সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করে। পরে রাতে আটককৃতদের পুলিশে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে রাজৈর থানা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

