
ফয়সাল মিয়া ।। মুরাদনগর(কুমিল্লা)বিশেষ প্রতিনিধি।
কুমিল্লা মুরাদনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলামের উপস্থিতিতে ছাত্রলীগ নেতা সাজিদের নেতৃত্বে সন্ত্রাসী হামলায় মুরাদনগর উপজেলা ছাত্র সমন্বয়ক মেহেদী হাসান গুরতর আহত।
বুধবার সন্ধ্যা ৬টায় মুরাদনগর উপজেলা প্রাঙ্গনের ভিতরে ঘটনাটি ঘটে।
আহত মেহেদী হাসান (২৪) উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের মৃত রোশন আলীর ছেলে।
হামলায় নেতৃত্ব দেওয়া সাজিদ (২৫) সাবেক আ’লীগ সাংসদ ইউসুফ আব্দুল্লাহ হারুনের অনুসারী হিসেবে পরিচিত ছাত্রলীগ নেতা ও মুরাদনগর সদরের নাগার্ছি পাড়ার জয়নাল মিয়ার ছেলে।
হামলায় আহত মেহেদী হাসান বলেন, আজ বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলামের উপস্থিতিতে আমাদের মুরাদনগর উপজেলা নজরুল মিলনায়তন হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমি ছাত্রলীগের বিগত দিনের অপকর্মের বিরুদ্ধে এবং বর্তমানে তাদের খোলস পাল্টে ছাত্র সমন্বয়ক সাজার বিরুদ্ধে বক্তব্য রাখি। আলোচনা সভা শেষ করে কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ভাইয়ের সাথে হলরুম থেকে বের হওয়ার পরই সেখানে উপস্থিত ছাত্রলীগ ও কিশোর গ্যাংয়ের নেতা সাজিদের নেতৃত্বে ছাত্রলীগ ও কিশোর গ্যাংয়ের প্রায় ১০-১৫ জন মিলে আমাকে এলোপাতারি কিল ঘুষি ও লাথি মেরে মাটিতে লুটিয়ে ফেলে দৌড়ে গিয়ে তাদের আগে থেকে ফেলে রাখা স্থান থেকে রাম দা, হকিস্টিক, গ্যাসের পাইপ ও দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর হামলা করলে সেখানে উপস্থিত থাকা সাধারন জনতা তাদেরকে ধাওয়া দিলে তারা সেখান থেকে পালিয়ে যায়। তারপর সেখানে উপস্থিত জনতা আমাকে অজ্ঞান অবস্থায় মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন।
এদিকে হামলায় নেতৃত্ব দেওয়া সাজিদের মুঠোফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, ঘটনার সুষ্ঠ তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

