
রাখেশ দাস, মাধবপুর (হবিগঞ্জ)বিশেষ প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে চৌমুহনী খুর্শিদ হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে মাদকবিরোধী শিক্ষার্থী সচেতনতা কর্মসূচিকে ঘিরে সৃষ্টি হয়েছে বিরল এক দৃশ্য। রাজনৈতিক মতপার্থক্য ভুলে একই মঞ্চে বসেছেন আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা। জনস্বার্থে এমন ঐক্য দেখে বিস্মিত ও আশাবাদী স্থানীয়রা।
রোববার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত এ কর্মসূচির সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের ক্রিয়া ও যুব বিষয়ক সম্পাদক মোহন মিয়া। প্রধান অতিথি ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগসহ বিএনপির আরও কয়েকজন নেতা।
দীর্ঘ সময় পর স্থানীয়রা এমন ব্যতিক্রমী দৃশ্য দেখলেন—দুই ভিন্ন রাজনৈতিক শিবিরের নেতারা এবং পুলিশের কর্মকর্তারা একই মঞ্চে, একই লক্ষ্য নিয়ে। উপস্থিত জনগণ মনে করছেন, সমাজকে মাদকমুক্ত করতে দলীয় ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করাই এখন সময়ের দাবি।
এদিকে আওয়ামী লীগ সমর্থকদের ভাষ্য, মোহন মিয়া দীর্ঘদিন ধরে দলীয় পরিচয়ের পাশাপাশি এলাকার স্বার্থে সবার সঙ্গে সম্পর্ক বজায় রেখে কাজ করছেন। তবে বিএনপির কয়েকজন নেতা এ বিষয়ে মন্তব্য করতে অনীহা প্রকাশ করেন।
মোহন মিয়া বলেন, “পরিস্থিতির প্রয়োজনেই একসময় দল করেছিলাম। এখন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি। কোনো বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই।”
সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, চৌমুহনী খুর্শিদ হাই স্কুল অ্যান্ড কলেজের এই মাদকবিরোধী উদ্যোগ শান্তি, সম্প্রীতি ও সামাজিক ঐক্যের নতুন উদাহরণ হয়ে থাকবে।

