
সন্দ্বীপ প্রতিনিধি:
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট বাজারের সার্বিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) রাত ৯টায় নোয়াহাট বাজারে অনুষ্ঠিত সভায় বাজার কমিটির সভাপতি শাকিল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কেফায়েত উল্যাহ খান।
সভায় বাজারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন বাজার কমিটির সিনিয়র সহ-সভাপতি মাস্টার রিদুয়ানুল বারী, সহ-সভাপতি মাস্টার আবু সায়েদ, সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. আবদুল করিম, যুগ্ম সম্পাদক শিহাব উদ্দিন খান, আকতার হোসেন, ইব্রাহীমসহ বাজারের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ।
সভায় বাজারের সার্বিক নিরাপত্তার স্বার্থে দারোয়ান নিয়োগ অথবা ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় ব্যবসায়ীরা বাজারের নিরাপত্তার জন্য দারোয়ান নিয়োগের পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সর্বশেষ বাজারের চারপাশে, বিশেষ করে বাজারের সামনে ও পেছনে সর্বোচ্চ সংখ্যক সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে ব্যবসায়ীরা অধিকতর যুক্তি উপস্থাপন করেন। এতে বাজারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে সহায়ক হবে বলে মত দেন তারা।
সভা শেষে নিকটবর্তী সময়ের মধ্যে বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য বাজার কমিটির প্রতি অনুরোধ জানান ব্যবসায়ীরা।

