
মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী
পটুয়াখালীর বাউফলে কনকদিয়া ইউনিয়নের ঝিলনা গ্রামে
দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলার সেতারা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
উপজেলার কনকদিয়া ইউনিয়নের ছিলনা গ্রামে এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেতারা বেগমের স্বামী হানিফ হাওলাদার মৃত্যুবরণ করার পর থেকে তার ৮ ফুট জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে সেতারা বেগম নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় প্রতিপক্ষ নাসির মোল্লা, বশির মোল্লা ও আরও কয়েকজন হঠাৎ তার ওপর হামলা চালায়। এসময় সেতারা বেগম গুরুতরভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ঢাকায় পাঠানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ২টার দিকে ওই নারীর মৃত্যু হয়।
নিহত সেতারা বেগমের ছেলে হাসান ইনসান ও কাউসার হাওলাদার অভিযোগ করে বলেন, আমাদের মাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নাসির মোল্লা, বশির মোল্লা ও তাদের সহযোগীরা এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত, আমরা এর সুষ্ঠু বিচার চাই।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার বলেন, এঘটনার বিস্তারিত আমরা জেনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

