বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলাপোরশায় মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেফতার, ৩৮৭০ পিস ট্যাপেন্টাডল ও প্রায় ৫ লাখ...

পোরশায় মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেফতার, ৩৮৭০ পিস ট্যাপেন্টাডল ও প্রায় ৫ লাখ টাকা জব্দ

মোঃ ওবায়দুল্লাহ মারুফ পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর পোরশায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৮৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা এবং সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পোরশা থানাধীন ১ নম্বর নিতপুর ইউনিয়নের কালাইবাড়ী গ্রামের তহুরুল ইসলামের বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ শাকিল (২০), পিতা-মোঃ মজিবুর রহমান এবং মোছাঃ বেবী খাতুন (৩৩), স্বামী-মোঃ তহুরুল ইসলাম, উভয় সাং- কালাইবাড়ী, থানা-পোরশা, জেলা-নওগাঁ—কে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।

অভিযানকালে পুলিশ তহুরুল ইসলামের বসতবাড়ির শয়নকক্ষের খাটের নিচে মাটির গর্তে লুকিয়ে রাখা ৩৮৭ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। প্রতি পাতায় ১০টি করে মোট ৩ হাজার ৮৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১১ লাখ ৬১ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে মাদক বিক্রির মাধ্যমে অর্জিত নগদ ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা এবং তাদের ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে এসব আলামত জব্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে জানানো হয়, চক্রটি সীমান্তপথে ভারত থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুইজন এবং পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলার মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং মাদকবিরোধী এ কার্যক্রম আরও জোরদার করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments