Homeবাংলাদেশপোরশায় আমগাছের ডাল ভেঙে পড়ে মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু

পোরশায় আমগাছের ডাল ভেঙে পড়ে মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু

​মোঃ ওবায়দুল্লাহ মারুফ পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ

​নওগাঁর পোরশায় আমগাছের ডাল ভেঙে নিচে পড়ে রিফাত হোসেন (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পূর্বগ্রামের একটি আমবাগানে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত রিফাত হোসেন উপজেলার পূর্বগ্রামের বাসিন্দা সফিউল ইসলামের ছেলে। সে স্থানীয় পূর্বগ্রাম দারুল উলুম সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে রিফাত কয়েকজন সমবয়সী বন্ধুর সঙ্গে বাড়ির পাশের একটি আমবাগানে খেলতে যায়। একপর্যায়ে বন্ধুরা মিলে একটি বড় আমগাছের ডালে দোল খাচ্ছিল। এ সময় হঠাৎ করেই গাছের মোটা ডালটি ভেঙে নিচে থাকা রিফাতের ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়।

​পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া আক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

​এ বিষয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

​মাত্র ১৩ বছর বয়সে রিফাতের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার, স্বজন ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments