
মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী
র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র্যাব-১৩, সিপিএসসি-রংপুর এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীতে আলোচিত কলেজ শিক্ষার্থী সিয়াম (১৭) হত্যা মামলার অন্যতম আসামি মো. শুভ সিকদারকে (১৮) লালমনিরহাট থেকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা এলাকা থেকে অভিযুক্ত শুভ-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শুভ মির্জাগঞ্জ উপজেলার পিপড়াখালী গ্রামের বাসিন্দা জালাল সিকদারের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, ভিকটিম সিয়াম গত ১৮ ডিসেম্বর ঢাকা থেকে পটুয়াখালীর মাদারবুনিয়ায় নানা বাড়িতে বেড়াতে আসে। ২৩ ডিসেম্বর দুপুর সোয়া তিনটার দিকে ভিকটিম ও তার খালাত ভাই আব্দুল্লাহ আল মামুন সুবিদখালী সরকারি কলেজের উত্তর পাশে বালুর মাঠে ঘুরতে গেলে সেখানে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তাদের গতিরোধ করে। তাদের পরিচয় জানতে চেয়ে তর্কে লিপ্ত হয় এবং একপর্যায়ে লাঠি দিয়ে ভিকটিমের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে নির্মমভাবে আঘাত করে। এতে সিয়াম গুরুতর আহত হলে অভিযুক্তরা নিজেদের মোটরসাইকেলে করে ভিকটিম সিয়ামকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে পালিয়ে যায়।
২৩ ডিসেম্বর পৌনে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, ২৩ ডিসেম্বর দুপুরে নির্মম এই হত্যাকাণ্ডের পর থেকেই র্যাব-৮ ঘটনার ছায়া তদন্ত শুরু করে। ঘটনার ১২ ঘন্টার মধ্যে ১ নং ও ২নং অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং গতকাল ২ জানুয়ারি অন্যতম অভিযুক্তকে লালমনিরহাট থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শুভ-কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর মহানগর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।

