
শিশির হাওলাদার,গলাচিপা(পটুয়াখালী)
টানা বৃষ্টি আর নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানিতে প্লাবিত গলাচিপা পৌরসভাসহ বিভিন্ন এলাকা। ভোগান্তিতে পড়েছে উপজেলার খেটে খাওয়া শতশত সাধারণ মানুষ। এদিকে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে ফেরিঘাট।উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গতকাল সন্ধ্যা থেকে গলাচিপা এলাকায় মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের চাপ অনেকটা বৃদ্ধি পেয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গলাচিপা খেয়াঘাট, ফেরিঘাট, পানপট্টি লঞ্চঘাট, বদনাতলী লঞ্চঘাট,চরকাজল লঞ্চঘার সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান জোয়ারের পানিতে তলিয়ে গেছে। গলাচিপা ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে থাকায় দুপারে জোয়ারের সময় যানবাহন ফেরিতে উঠতে পারছেনা। ফলে দূরবর্তী স্থান থেকে ট্রাকে করে আনা কাঁচামাল পচে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এ ছাড়া সময় মতো মালামাল না আসায় বাজারে বিভিন্ন পণ্য সংকটের আশঙ্কা রয়েছে। এতে ক্ষতির মধ্যে পড়বেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। নিম্নচাপের প্রভাবে উপজেলার রামনাবাদ নদী, বুড়া গৌরঙ্গ নদী, আগুণমুখা, তেঁতুলিয়া নদীর দুই পারের নিম্ন এলাকা জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় চিন্তিত সাধারণ মানুষ। অন্যদিকে গলাচিপা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর কারফরমা একটি বিছিন্ন দ্বীপ এই চরে নেই কোন বেড়িবাঁধ, নেই কেন সাইক্লোন শেল্টার যে কারনে প্রতিবছরই প্রাকৃতিক দূর্যোগের পাশাপাশি বিভিন্ন সময় অতিবৃষ্টি ও আমাবস্যা, পূর্নিমায় অতিরিক্ত জোয়ারের পানিতে গ্রামটি প্লাবিত হয়। এছাড়া পৌর শহরে অতিবৃষ্টিতে ও জোয়ারে অনেকের বাড়ি ঘরে পানি প্রবেশ করে। কৃষক ও মৎস্য চাষিরাও বিপাকে পরেছেন। নদীর পানি আরও বেড়ে গেলে ঘের তলিয়ে ঘেরের মাছ চলে যেতে পারে নদীতে। তা ছাড়া ফসলি জমিতে অধিক পানি থাকলে কৃষিকাজেও ব্যাঘাত ঘটবে বলে জানান কৃষকরা। গলাচিপা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন টুটু বলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেড়িবাঁধ অনেক পুরনো থাকায় প্রতিবছর প্রাকৃতিক দূর্যোগের সময় মাটির রাস্তা গুলো ভেঙে যায় এতে করে গ্রামের পর গ্রাম পানিতে প্লাবিত হয়। তবে সবচেয়ে খারাপ অবস্থায় আছে চর কারফরমা। এই চর এলাকাটি আগুনমুখা নদীর মধ্যে অবস্থিত এখানে কোন বেড়িবাঁধ নেই একটি মাটির টিলা ও একটি একতালা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এতে করে কোন প্রাকৃতিক দূর্যোগে সাধারণ জনগন আশ্রয়স্থলে আসতে না পারলে তাদের মরন ছাড়া কেন গতি নেই। তাই তিনি ইউনিয়নবাসীর পক্ষে সরকারের কাছে একটা দাবী করেন জনগনের দিকে তাকিয়ে যদি এই চর কারফরমায় একটি টেকসই বেড়িবাঁধ ও একটি সাইক্লোন শেল্টার নির্মীত করা হয় তা হলে সরকারের কাছে চিরকৃতজ্ঞ থাকবে এই দ্বীপকুলের অবহেলিত সাধারণ মানুষ।

