
মোঃ কামরুল হাসান,স্টাফ রিপোর্টার কক্সবাজার
“নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐকবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য নিয়ে দেশ ব্যাপী পালন করা হয়েছে সচেতনতামূলক ১৬ দিনের কর্মসূচি।সেই ধারাবাহিকতায় ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার ফাজেলখার ডাঙ্গি গ্রামে ভোরের আলো শিশু সুরক্ষা কমিউনিটি হাবে আয়োজন করা হয়েছে কমিউনিটি সমাবেশ ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের ফাজেলখার ডাঙ্গি গ্রামে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত শিশু সুরক্ষা (PVHP) হাবে দিন ব্যাপী শিশু ও অভিভাবকদের অংশগ্রহণে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। উক্ত কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, সমাজ সেবা কর্মকর্তা মোঃ জাহেদ তালুকদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রমেশ দাশ, স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংগীতা আক্তার, স্থানীয় ইউপি মহিলা সদস্য আছিয়া।
কমিউনিটি সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার বলেন,
শুধু রাষ্ট্রীয় আইন ও নির্দেশনা দিয়ে নারী ও কন্যা শিশুর সুরক্ষা নিশ্চিত করা যাবেনা যদি পুরুষের ভূমিকা না থাকে।তাই সমাজের অপসংস্কৃতি ও সহিংসতা দূর করার জন্য নারীদের যেমন সচেতন হতে হবে, ন্যায়ের পক্ষে কথা বলতে হবে তেমনি পুরুষদেরও সোচ্চার হতে হবে। গ্রাম্য সমাজে অসংখ্য অপরাধ সংঘটিত হয় নারী ও শিশুর প্রতি কিন্ত সঠিক কোন বিচার হচ্ছে না বা নিরবে সহ্য করে যাচ্ছে সহিংসতার শিকার নারী, শিশুরা।এখন আর ভয় নেই, সরকার সহিংসতা প্রতিরোধে ও ন্যায় বিচারের জন্য টোল ফ্রি হটলাইন নাম্বার চালু করেছে (শিশুদের জন্য ১০৯৮, নারীদের জন্য ১০৯, যেকোনো সমস্যার জন্য ৯৯৯) , যে কেউ যেকোনো সময় সুরক্ষা সেবা পাবে উক্ত নাম্বারে অভিযোগ জানালে।
স্থানীয় জনগণের সুরক্ষা সেবা ও সচেতনতামূলক কার্যক্রমের জন্য একটি কমিউনিটি হাব স্থাপন করে দেওয়ায় মৌলভী এখলাস মোল্লাকে ধন্যবাদ জানান মহিলা বিষয়ক অধিদপ্তর, চরভদ্রাসন এর পক্ষ থেকে। ভোরের আলো শিশু সুরক্ষা কমিউনিটি হাব সচেতনতামূলক কার্যক্রমের জন্য সব সময় সচল রাখার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়। উক্ত হাবের দায়িত্বরত স্বেচ্ছাসেবী কমিউনিটি ফ্যাসিলিটেটর সামসুন্নাহার ও পিয়ার লিডার সিনহা এবং কমিউনিটি হাব অর্গানাইজার সাজ্জাদ হোসাইন চলমান কার্যক্রম সম্পর্কে স্থানীয় অভিভাবকদের সামনে উপস্থাপন করেন।
চাইল্ড রাইটস অফিসার মোঃ কামরুল হাসান এর সঞ্চালনায় সচেতনতামূলক ১৬ দিনের কর্মসূচির কমিউনিটি সমাবেশের সভাপতি মৌলভী এখলাস মোল্লা সভার সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও ইউনিসেফের আর্থিক সহায়তা নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত PVHP প্রকল্প মাঠ পর্যায়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে।

