
বিন-ই-আমিন,ঝালকাঠি।।
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের পশ্চিম গোহালকাঠি গ্রামের আঃ খালেক জোমাদ্দার শিয়াল, বেজি, ইদুর মারতে বাড়ির পিছনে বাগানে অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই বাড়ির জসিম মীরের মেয়ে ৫ম শ্রেণির পড়ুয়া শিক্ষার্থী মুনিবার আক্তার (১০) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গত শুক্রবার (১৮ জুলাই) সকাল ৯টার দিকে ওই শিক্ষার্থী বাগানে খেলতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
বাড়ির লোকজনের সহযোগিতায় শিশু মুনিবাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করেন।
এদিকে শিশু মুনিবার মৃত্যু খবর শুনে আঃ খালেক জোমাদ্দার এর পরিবার আত্মগোপনে চলে গেছেন। বিষয়টি ধামাচাপা দিতে থানা পুলিশ ও সাংবাদিক এড়িয়ে চলার চেষ্টা করেছেন।
সরেজমিনে গিয়ে জানা গেছে, আঃ খালেক জোমাদ্দার নামের এক গ্রাম্য ওজা তার ব্যক্তিগত কাজে বেজি,শিয়াল ও ইদুর ব্যবহারের নিমিত্তে তা ধরার জন্য নিজস্ব ঘর থেকে ১ শত গজ দূরে মালেক জোমাদ্দারের পরিত্যক্ত ঘরের পিছনে বাগানে ২ মাস পূর্ব থেকে বিদ্যুতের তার পেচিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। সেই অবৈধ বিদ্যুৎ সংযোগে এর আগেও একজন বৃদ্ধা মহিলা ও একটি শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছিলেন। তারা চিকিৎসা নিয়ে বেঁচে গেলেও ওই ওজা অবৈধ বিদ্যুৎ সংযোগটি বন্ধ করেননি।
মুনিবার পরিবার জানান, শুক্রবার সকালে মুনিবা বাড়ির পাশে বাগানে গাব কুড়াতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে।
এ ব্যাপারে ওজা আ: খালেক জোমাদ্দারকে অভিযুক্ত করে নলছিটি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অবৈধ বিদ্যুতের ফাদ দেয়া খালেক জোমাদ্দারের নামে অভিযোগ পেয়েছি। লাশ ময়নাতদন্তের পর নিজ বাড়িতে দাফন করা হয়েছে।

