
হেলাল উদ্দিন বাবু,নকলা(শেরপুর)নিজস্ব প্রতিনিধি:-
শেরপুর জেলার নকলা উপজেলার ৪ নম্বর ওয়ার্ড জালালপুরে ১১ বছর বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু ঘটেছে। মৃত শিশুর নাম সাজ্জাদ, পিতা রমজান আলী (বর্তমানে প্রবাসে), মাতা সাথী।
পরিবারের দাবি, স্কুল ছুটির পর বন্ধুদের সঙ্গে খেলাধুলা করে দেরিতে বাড়ি ফেরায় সাজ্জাদকে তার চাচা গালমন্দ করেন। এরপর সে নিজের ঘরে মায়ের ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মৃত্যুর সময় সাজ্জাদের মা বাড়িতেই ছিলেন বলে জানা গেছে। বিষয়টি ঘিরে এলাকাজুড়ে শোকের ছায়া ও রহস্যের আবহ তৈরি হয়েছে।
প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তবে কোনো অভিযোগ পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নকলা থানার এসআই আব্দুল খালেক।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

