
জহিরুল ইসলাম লিটন, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে দ্রুতগতির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এর চাপায় মাহমুদুল হাসান মামুন (৩২) নামে এক মাদ্রাসার মুহতামিম নিহত হয়েছেন। রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কানুরামপুর-ত্রিশাল আঞ্চলিক সড়কের চরশ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হাসান মামুন ওই গ্রামের মো. হাই মদ্দীনের পুত্র। তিনি মারকাজুল সুন্নাহ্ মাদ্রাসার মুহতামিম।
পুলিশ ও স্থানীয়রা জানান- রবিবার সকালে মাদ্রাসার পাশে মাদ্রাসার কাজ করছিলেন মাহমুদুল হাসান মামুন । এমন সময় ত্রিশাল থেকে কানুরামপুর দিকে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে মুচড়ে সড়কের পাশে মাদ্রাসার মাঠে উল্টে পড়ে যায়। প্রাইভেটকারটি মাঠে কাজ করা মাদ্রাসার মুহতামিম মাহমুদুল হাসান মামুন কে চাপা দেয়। স্থানীয়রা গিয়ে উদ্ধার করলে ঘটনাস্থলেই মুহতামিমের মৃত্যু হয়। এসময় উত্তেজিত জনতা প্রাইভেটকার চালককে আটকে রেখে পরে খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ প্রাইভেটকার চালককে উদ্ধার ও গাড়ী জব্দ করে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী তানজির আহমেদ বলেন- নিহত মামুন মাদ্রাসার পাশেই কাজ করছিলেন। দ্রুতগতির প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে তার উপরে পড়ে যায় এতে তিনি ঘটনাস্থলে মারা যান
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন- প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু হয়েছে। চালক কে আটক করে থানায় আনা হয়েছে।

