
আহসান হাবিব, তেঁতুলিয়া(পঞ্চগড়)বিশেষ প্রতিনিধি
“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগ-২০২৫’ কে কেন্দ্র করে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে ‘তারুণ্যের উৎসব-২০২৫’।
তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এ উৎসবের অংশ হিসেবে প্রতিটি ইউনিয়নে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে “আমার স্কুল, পরিচ্ছন্ন স্কুল” শীর্ষক গ্রীণ স্কুল ক্যাম্পেইন, উপজেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে রচনা, চিত্রাঙ্কন, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উৎসবটি চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে ২নং তিরনইহাট ইউনিয়ন দল বনাম ৬নং ভজনপুর ইউনিয়ন দলের মাঝে অনুষ্ঠিত এই খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে নির্ধারিত সময়ের খেলা শেষ হলে ট্রাইব্রেকারের মাধ্যমে তিরনই ইউনিয়ন দলকে পরাজিত করে ভজনপুর ইউনিয়ন দল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলে রাব্বি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অন্যান্যদের মধ্যে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এনায়েত কবিন, উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন রঞ্জু, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নাফিজুল ইসলাম, তেঁতুলিয়া খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল আলম, তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসাইন, ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসলিম উদ্দীন, উপজেলা যুবদলের সদস্য সচিব জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ, তেঁতুলিয়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোজাম্মেল হক বিপ্লবসহ স্থানীয় গন্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী এবং রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরবর্তীতে এই উৎসবের অংশ হিসেবে শীতার্থদের জন্য তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে মানবতার দেয়া স্থাপন, হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধূলা হাডুডু, দাড়িয়াবান্ধা, গোল্লাছুট, হাড়িভাঙ্গা খেলার আয়োজন, তরুণদের অংশগ্রহণ ও সহযোগিতায় পর্যটন এলাকার সৌন্দর্য বৃদ্ধি কার্যক্রম, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম, ডেঙ্গু মোকাবেলায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

