
ফারুক আহমেদ ভূঁইয়া, জামালপুর সদর নিজস্ব প্রতিনিধি
জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উৎপাদক দলের সদস্য শ্যামলী বেগমের বাড়িতে ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার “মাঠ দিবস–২০২৬” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির আওতায় মালচিং পদ্ধতিতে মরিচ চাষের ফলাফল প্রদর্শন করা হয় এবং উৎপাদক দলের সদস্যদের এ পদ্ধতিতে বিভিন্ন সবজি চাষে উদ্বুদ্ধ করা হয়।
অনুষ্ঠানটি বাস্তবায়ন করছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, তাদের ‘জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (জেসমিন)’ প্রকল্পের আওতায়। প্রকল্পটি অস্ট্রেলিয়া সরকারের সহায়তা এবং অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (এএনসিপি)-এর অর্থায়নে পরিচালিত হচ্ছে।
মাঠ দিবসে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উৎপাদক দলের সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেসমিন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নূর-ই-জান্নাত।
এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা বকুল নাহার ও মো. হাবিল উদ্দিন; শাহবাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. লুৎফর রহমান; ইউপি সদস্য মারফত আলী; জেসমিন প্রকল্পের এগ্রিকালচার স্পেশালিস্ট পরিমল সরকার; সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক; এবং গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মো. খোরশেদ আলম।
বক্তারা বলেন, ২০২৬ সালে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির আওতায় মালচিং পদ্ধতিতে মরিচ চাষ লাভজনক প্রমাণিত হয়েছে। এ পদ্ধতি সেচ সাশ্রয়ী, মাটির স্বাস্থ্য রক্ষা করে এবং আগাছা ও রোগবালাই কমিয়ে ফলন বৃদ্ধি করে। জামালপুর সদর উপজেলাসহ বিভিন্ন এলাকায় আয়োজিত মাঠ দিবসগুলোতে মালচিং পদ্ধতি পানি ও সার সাশ্রয়ী হওয়ায় কৃষকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

