
শিশির হাওলাদার গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপা উপজেলার নদীবেষ্টিত উপকূলীয় দ্বীপাঞ্চল চরকাজল ও চর বিশ্বাস এ ২টি ইউনিয়নের সাধারণ জনগনের জানমাল রক্ষায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দুই ইউনিয়নে বসবাসরত সর্ব-সাধারণ জনগণের আয়োজনে চরকাজলের শুক্রবাড়িয়া বাজারে বুধবার সকাল ১০টায় ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে দলমত নির্বেশেষে বিভিন্ন শ্রেনি-পেশার শত-শত নারী-পুরুষ অংশ গ্রহণ করে। ইতিমধ্যে এলাকাবাসীর উদ্যোগে স্থায়ী পুলিশ ফাঁড়ির জন্য জমিদানের মাধ্যমে একটি ঘর তোলা হয়েছে। সরকার পরিবর্তনে ফলে গত ৫ আগস্ট ২০২৪ ইং তারিখে ওখানে অবস্থানরত অস্থায়ী পুলিশ ফাঁড়িটি নেয়ার ফলে বিভিন্ন বিষয়ে ব্যাপকভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটে। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোক্তা মো. আলাউদ্দিন কাজী, সমাজ সেবক মো. দুলাল গাজী, জমি দাতা মো. নাসির উদ্দিন নান্টু মৃধা, বাজার কমিটির সভাপতি মো. মহসিন হোসেন সেন্টু মৃধা ও শিক্ষার্থীসহ বিভিন্ন ধর্মের নারী-পুরুষ।
মানববন্ধনে বক্তারা দাবি জানান দুই ইউনিয়নের সাধারণ জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে অতিস্বত্তর স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন করা হোক।
এ বিষয়ে পটুয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মাঈনুল ইসলাম মুঠোফোনে জানান, বিষয়টি তারা জানেন এবং পর্যবেক্ষণর মাধ্যমে অচিরেই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

