
হামিদুল হক, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও গণতন্ত্রের জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি নেতা মুহাম্মদ ফখরুল ইসলাম।
এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। তার দেশপ্রেম ছিল আপোষহীন। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দেশের উন্নয়নে তার অবদান অমলিন।
তিনি আরও বলেন, একজন সাধারণ গৃহবধূ থেকে উঠে এসে বেগম খালেদা জিয়া একজন সফল রাষ্ট্রনায়ক ও আপোষহীন দেশনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দেশের মানুষের অধিকার আদায়ে তিনি বারবার কারাবরণ করেছেন, কিন্তু কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। মানুষের অধিকার রক্ষায় তিনি ছিলেন এক বলিষ্ঠ কণ্ঠস্বর।
ফখরুল ইসলাম আরও বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন অভিভাবক, একজন মহীয়সী নারী, একজন সংগ্রামী নেত্রী এবং একজন কিংবদন্তি রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
শোকবার্তায় তিনি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন।

