
মো:নাসিম আকরাম, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ (শিক্ষানবিশ)প্রতিনিধি:
উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের দুই ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে ঈশ্বরগঞ্জ উপজেলার পুলিশ। একই সঙ্গে প্রধান অপহরণকারী রাসেল মিয়াকে (৩১) গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়। দ্রুত উদ্ধার ও অপরাধী গ্রেফতারে প্রশংসিত পুলিশ প্রশাসন।
২৪ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ১৫ বছর বয়সী এক শিক্ষার্থী তার খালাতো ভাই ইমন মিয়াকে নিয়ে অটোরিকশাযোগে ঈশ্বরগঞ্জ বাজারে কেনাকাটার উদ্দেশ্যে রওনা হয়। তারা ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে নামার সঙ্গে সঙ্গেই চরশিহারী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে রাসেল মিয়া (৩১) তাদের গতিরোধ করে। এসময় রাসেল মিয়া ইমনকে ভয়ভীতি দেখিয়ে তার খালাতো বোনকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পর ইমন দ্রুত পরিবারকে জানালে, অপহৃত শিক্ষার্থীর মা ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমানের নির্দেশনায় পুলিশ অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা সদর উপজেলার লক্ষিগঞ্জ নামক স্থানে মাহিয়া এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে থেকে অপহরণকারী রাসেল মিয়াকে গ্রেফতার এবং অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়।

