
এস এম নাসির মাহমুদ ,আমতলী( বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে সাকিব মন্ডল (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে টাকা না পেয়ে পিতার সাথে অভিমান করে।
সোমবার ( ১৮ আগস্ট) দুপুরে আমতলী পৌর শহরের খোন্তাকাটা এলাকায় ইউপি সদস্য জসিম গাজীর ট্রান্সপোর্ট এজেন্সি অফিস থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাকিব ঝিনাইদহ সদর উপজেলার বারিবাথান গ্রামের ট্রাকচালক কালাম মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে সাকিব বাড়ি থেকে একটি সাইকেল বিক্রি করে পরিবারকে না জানিয়ে কুয়াকাটা যায়। পরে আমতলীতে এসে বাবার কাছে কিছু টাকা পাঠানোর অনুরোধ করে ফোন দেয়। কিন্তু তার বাবা টাকা দিতে অস্বীকৃতি জানান। এ সময় পিতার সাথে অভিমান করে সে স্থানীয় পরিবহন ব্যবসায়ী জসিম গাজীর ট্রান্সপোর্ট এজেন্সি অফিসে রাত কাটায়।
ইউপি সদস্য মো. জসিম গাজী জানান, সাকিবের বাবা কালাম মন্ডলের অনুরোধে তিনি রবিবার রাতে তাকে অফিসে থাকার ব্যবস্থা করেন। সোমবার সকালে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে সাকিবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা কালাম মন্ডল বলেন, ‘আমার ছেলে ব্যবসায় লোকসানের কারণে মানসিকভাবে ভেঙে পড়ে। আমি টাকা না দেওয়ায় হয়তো অভিমানে সে আত্মহত্যা করেছে।’
আমতলী থানার ওসি (তদন্ত) মো. সাইদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

