বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাঅবকাঠামো সংকট কাটলো সুখছড়ী রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

অবকাঠামো সংকট কাটলো সুখছড়ী রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

মনির আহমদ আজাদ, লোহাগাড়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

দীর্ঘদিনের প্রতীক্ষা ও প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে নতুন ভবনের চাবি বুঝে পেল লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুখছড়ী রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। নতুন ভবন হস্তান্তরের মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অস্থায়ী স্থাপনায় দীর্ঘদিন পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হচ্ছিল। বর্ষা মৌসুমে টিনের ছাউনী ছুঁইয়ে পড়া, শ্রেণিকক্ষ সংকট ও নিরাপত্তাজনিত উদ্বেগ ছিল নিত্যদিনের সঙ্গী। এসব সীমাবদ্ধতার কারণে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।

সরকারি অর্থায়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিত নতুন বহুতল ভবনটি আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ। এতে রয়েছে প্রশস্ত ও আলোক-বাতাসপূর্ণ শ্রেণিকক্ষ, শিক্ষক কক্ষ, প্রশাসনিক কক্ষ এবং শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা। নতুন ভবনটি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

নতুন ভবন হস্তান্তর উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই নতুন ভবন এলাকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে ইতিবাচক প্রভাব ফেলবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম জানান, নতুন ভবন পাওয়ায় শিক্ষকরা এখন আরও মনোযোগী ও উৎসাহের সঙ্গে পাঠদান করতে পারবেন। একই সঙ্গে শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষার মান বাড়বে বলে তিনি আশাবাদী।

এলাকাবাসীর মতে, সুখছড়ী রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন শুধু একটি অবকাঠামো নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আলোকিত সম্ভাবনার দ্বার উন্মোচন। তারা সরকারের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments