
নিয়ামতপুর (নওগাঁ)নিজস্ব প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর সাব-রেজিস্ট্রি অফিসে ২০১৮ সাল ও এর আগের সময়ে নিবন্ধন সম্পন্ন হওয়া দাবিহীন দলিল বিনষ্টের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব দলিল সংগ্রহের জন্য আগামী ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত সময় নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে নিয়ামতপুর সাব-রেজিস্ট্রি অফিস থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশে স্বাক্ষর করেছেন সাব-রেজিস্ট্রার (অঃদাঃ) শাকিল আহমেদ।
নোটিশে বলা হয়, ২০১৮ সাল এবং এর আগের সময়ে যেসব দলিলের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং নকল ও সূচির কাজ শেষ হয়েছে, সেসব দাবিহীন দলিল নিবন্ধন আইন, ১৯০৮-এর ৮৫ ধারা অনুযায়ী বিনষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট দলিলের মালিক বা স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের আগামী ২৮ নভেম্বরের মধ্যে দলিলের মূল রশিদ সাব-রেজিস্ট্রি অফিসে জমা দিয়ে মূল দলিল সংগ্রহের জন্য অনুরোধ জানানো হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের পর দাবিহীন দলিলগুলো নিবন্ধন বিধিমালা, ২০১৪-এর ১৬ নম্বর বিধি অনুযায়ী বিনষ্ট করা হবে। তবে উইল বা অছিয়তনামা দলিল বিনষ্টযোগ্য নয়।
এ অবস্থায় সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্ধারিত সময়ের মধ্যে নিয়ামতপুর সাব-রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।




