
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৫নং রসুলপুর ইউনিয়নের মুন্দিখৈর মৌজায় প্রশাসনের উচ্ছেদকৃত ৫টি সরকারি পুকুর ও স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের শ্মশানের পুকুর পুনরায় ভরাট করে পাকা বাড়ি এবং বাণিজ্যিক খামার নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় ভূমি অফিসের কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে ১ নং খাস খতিয়ানের ২২, ১০৭৯, ৩৪৯, ৩৪৮, ১০০২ ও ৯৯৮ নং দাগের পুকুরগুলো দখল করে এসব স্থাপনা তৈরি করা হয়েছে।
ভুক্তভোগী আদিবাসী ও স্থানীয়দের দাবি, এর আগে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) অভিযান পরিচালনা করে পুকুরগুলো অবৈধ দখলমুক্ত করেছিলেন। কিন্তু স্থানীয় বিএনপি নেতা নূরে আলম সুজা দলের প্রভাব খাটিয়ে পুনরায় দখলদারিত্ব শুরু করেন। তাঁর প্রত্যক্ষ নেতৃত্ব ও আশ্রয়ে সাদিকুল আদিবাসীদের শ্মশানের পুকুর ভরাট করে পাকা বাড়ি তৈরি করেছেন। একই সিন্ডিকেটের সদস্য মহবুল, রবিউল, নজরুল, সেন্টু, মালেক, মামুন, আসলাম, ইব্রাহিম, মজিবুর, কামাল, রশিদুল ও মোস্তাক সরকারি পুকুর ভরাট করে পাকা বাড়ি নির্মাণ সম্পন্ন করেছেন। পাশাপাশি বাদশা, দেলোয়ার ও সালেক গড়ে তুলেছেন বাণিজ্যিক খামার।
পানি-সংকটপূর্ণ বরেন্দ্র অঞ্চলের এই জলাধারগুলো ভরাট হয়ে যাওয়ায় ফসলি জমিতে সেচ দেওয়া নিয়ে চরম বিপাকে পড়েছেন সাধারণ কৃষকেরা। এছাড়া শ্মশানের পুকুরটি দখল হওয়ায় স্থানীয় আদিবাসী ও হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক কাজেও বড় ধরনের বাধা সৃষ্টি হয়েছে।
প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন অনুযায়ী পুকুর ভরাট দণ্ডনীয় অপরাধ হওয়ায় এ ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী আদিবাসী ও এলাকাবাসীর একটাই দাবি—দলীয় প্রভাব খাটিয়ে সরকারি ও শ্মশানের সম্পত্তি দখলকারী নূরে আলম সুজাসহ জড়িত সকলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। পুকুরগুলো দ্রুত পুনরুদ্ধার করে কৃষকদের সেচ সুবিধা ফিরিয়ে দিতে নওগাঁ জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।




