Home অর্থনীতি নিয়ামতপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমন ধানের ক্ষতির শঙ্কা

নিয়ামতপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমন ধানের ক্ষতির শঙ্কা

0
23
নিয়ামতপুর (নওগাঁ)নিজস্ব প্রতিনিধিঃ
খাদ্য শস্য ভান্ডার খ্যাত উত্তরের জেলা নওগাঁর নিয়ামতপুরে মাঠজুড়ে আমন ধানের সোনালির সমারোহ। কোথাও পাকা ধান কাটছেন কৃষক, কোথাও চলছে মাড়াই ও ঘরে তোলার প্রস্তুতি। ঠিক তখনই টানা দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও কৃষকরা। বৈরী আবহাওয়া সেই আনন্দে দুশ্চিন্তার ছায়া ফেলেছে তাদের। একদিকে ধানের ফলন কম, অন্যদিকে বাজারে ধানের দাম কম, উৎপাদন খরচ দ্বিগুণ।
গত শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে মাঠের পাকা ও কাটা ধান ভিজে যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকেরা। আবহাওয়ার এমন অনিশ্চয়তায় একদিকে দ্রুত ফসল ঘরে তোলার তাড়া, অন্যদিকে ফসলের ক্ষতির শঙ্কা সব মিলিয়ে উৎকণ্ঠায় কাটছে তাদের সময়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৩০ হাজার ৪৪০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। আমন ধানের সম্ভাব্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৮২০ মে.টন। যা হেক্টর প্রতি ৫.৭২ মে.টন।
কৃষকরা বলছে, আমন ধান নিয়ে উদ্বেগ বাড়ছে। সময়মতো রোদ না মিললে ধানের রং নষ্ট হওয়া, অঙ্কুরোদগম ও গুণগত মান কমে যাওয়ার শঙ্কা রয়েছে। বৈরী আবহাওয়ার শঙ্কা কাটিয়ে কষ্টে ফলানো সোনালি ফসল নিরাপদে গোলায় তোলার অপেক্ষায় এখন নিয়ামতপুরের কৃষক।
উপজেলার পাঁড়ইল ইউনিয়নের উষ্ঠিপাড়া গ্রামের কৃষক মোতাহের আলী বলেন, এ বছর প্রায় এক একর জমিতে আমন ধানের আবাদ করেছি। সব ধান কেঁটে জমিতে ছেড়ে দেওয়া আছে। বৃষ্টির কারণে ধান ঠিকমতো ঘরে তুলতে পারব কিনা, তা নিয়ে চিন্তায় আছি। সরকার নিধারিত দামে আমন ধান কিনছে না আড়তদার। বর্ষা মৌসুমে বৃষ্টি না হওয়ায় জমিতে সেচ দিতে হয়েছে কয়েক বার। বাজারে ধানের দাম নেই, উৎপাদন খরচও বেশি। এরকম ধানের দাম থাকলে লাভের বদলে আমাদের কাঁধে ঋণের বোঝা বাড়বে।
ভাবিচা গ্রামের কৃষক এনতাজ আলী বলেন, মাঠের পাকা ধান সময়মতো ঘরে তুলতে না পারলে ফসল ও গুণগত মান দুটোই নষ্ট হবে। এমনিতেই ধানের দাম কম, শ্রমিক পাওয়া যায় না, উৎপাদন খরচ দ্বিগুণ। এবার আমন আবাদ করে লাভের বদলে কৃষকদের কাঁধে ঋণের বোঝা বাড়বে।
নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এ বছর উপজেলায় ৩০ হাজার ৪৪০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে এবং ফসল কাটা চলমান রয়েছে। আশা করছি, দু-এক দিনের মধ্যেই আবহাওয়া অনুকূলে ফিরে আসবে। বৃষ্টিতে উৎপাদনের তেমন একটা ক্ষতি হবে না বলে জানান তিনি।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

21 November 2026

নিয়ামতপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমন ধানের ক্ষতির শঙ্কা

www.Prothom-bd.com |
Fb/prothombangla