মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
চলতি মৌসুমে চট্টগ্রামের মীরসরাই উপজেলায় আমন ধানের বাম্পার ফলন হলেও অসময়ের বৃষ্টি ও জলাবদ্ধতায় মাঠে কেটে রাখা পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। বিশেষ করে জোরারগঞ্জ, দূর্গাপুর, ওয়াহেদপুর, মঘাদিয়া ও মিঠানালাসহ বিভিন্ন ইউনিয়নের নিচু ও মাঝারি উঁচু জমিতে জলাবদ্ধতা দেখা দেওয়ায় ফসল ঘরে তোলার আগমুহূর্তে ভালো ফলন পেয়েও কৃষকের মুখে হাসি নেই।
সরেজমিনে মীরসরাইয়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পাকা আমন ধান কাটার পর তা অনেক জমিতেই পড়ে আছে। এর মধ্যেই টানা বর্ষণ ও পানি নিষ্কাশন নালা ও খালগুলোর জটিলতায় জমিতে পানি জমে গেছে। এতে কাটা ধানের, কাটা সারি,
আঁটি ও শিষ পানিতে ডুবে যাচ্ছে। দীর্ঘ সময় পানির নিচে থাকলে ধানে অঙ্কুরোদগম (গজিয়ে যাওয়া) এবং ধান ও খড় পচে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা।
মিঠানালা এলাকার কৃষক আবুল কাশেম বলেন, এবার ধানের ফলন খুব ভালো হয়েছিল। ভেবেছিলাম আগের লোকসান পুষিয়ে নিতে পারব। কিন্তু কাটার পরপরই পানি জমে যাওয়ায় ধান ডুবে আছে। দ্রুত পানি না সরলে ধান গজিয়ে যাবে, খড়ও নষ্ট হয়ে যাবে|
জোরারগঞ্জ ও আশপাশের এলাকার আরও কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, সার, বীজ, সেচ ও শ্রমিকের খরচ মিটিয়ে এবার ভালো ফলনের আশায় বুক বেঁধেছিলেন তাঁরা। কিন্তু কাটা ধান পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন খরচ ওঠানো নিয়েই শঙ্কা তৈরি হয়েছে। দ্রুত পানি নামার ব্যবস্থা না হলে এবং আবহাওয়া অনুকূলে না ফিরলে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসের এক কর্মকর্তা জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। যেসব জমিতে পানি জমেছে, সেসব জায়গা থেকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা এবং কাটা ধান যত দ্রুত সম্ভব উঁচু ও শুকনো স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দেওয়ার কথাও জানান তিনি।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, দ্রুত কাটা ধান উঁচু স্থানে সরিয়ে নেওয়া ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ না নিলে কষ্টার্জিত ফসলের একটি বড় অংশ নষ্ট হয়ে যেতে পারে। এ অবস্থায় দ্রুত মাঠপর্যায়ে কৃষি বিভাগের আরও সক্রিয় পরামর্শ ও সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।



