
দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প। দেশের রপ্তানি আয়, কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রার প্রবাহ এবং বিনিয়োগের বড় একটি অংশ এ শিল্পের ওপর নির্ভরশীল। শ্রমিক অসন্তোষ, হামলা-ভাঙচুর এবং অবরোধের মতো ঘটনায় দেশের এই গুরুত্বপূর্ণ শিল্প ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। ১ থেকে ৩ নভেম্বর তিন দিনে তৈরি পোশাক খাতে প্রায় ১ হাজার ৫৫৯ কোটি টাকার উৎপাদন ক্ষতি হয়েছে। এর মধ্যে বিজিএমইএর হিসাবে রপ্তানিমূল্য বাবদ ক্ষতি ৮৫৯ কোটি টাকা এবং বিকেএমইএর হিসাবে নিট পোশাক খাতে উৎপাদন ক্ষতি প্রায় ৭০০ কোটি টাকা। এ বিপুল আর্থিক ক্ষতি নিঃসন্দেহে উদ্বেগজনক। তবে আর্থিক ক্ষতির চেয়েও বড় আশঙ্কার জায়গা হলো আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়া। দেশের কারখানাগুলোয় বারবার অস্থিরতা সৃষ্টি হলে ক্রেতারা বিকল্প বাজারের দিকে ঝুঁকবেন, এটাই স্বাভাবিক। ইতোমধ্যে কোনো কোনো বিদেশি ক্রেতা আগামী দুই মাসের ক্রয়াদেশ কমানোর চিন্তা করছেন এবং বাংলাদেশের কিছু ক্রয়াদেশ ভারত, পাকিস্তানসহ প্রতিযোগী দেশগুলোয় স্থানান্তরের তথ্যও রয়েছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের রপ্তানি আয় ও কর্মসংস্থানে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।
শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং অধিকার নিশ্চিত করা মালিক ও সরকারের দায়িত্ব। শ্রমিকদের দাবিদাওয়া থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। এজন্য সরকার ন্যূনতম মজুরি বোর্ড গঠন করেছে। বোর্ডকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিতে হবে। একই সঙ্গে শ্রমিকদেরও বুঝতে হবে, শিল্পের ক্ষতি করে নিজেদের স্বার্থ রক্ষা করা সম্ভব নয়। শিল্প টিকে থাকলেই কর্মসংস্থান ও জীবিকার নিশ্চয়তা থাকবে।
অন্যদিকে শ্রমিক আন্দোলনের আড়ালে যারা কারখানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা সড়ক অবরোধের মতো কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। তবে আইন প্রয়োগের নামে প্রকৃত শ্রমিকদের ন্যায্য অধিকার যেন ক্ষুণ্ন না হয়, সেটিও নিশ্চিত করা জরুরি। পাশাপাশি রাজনৈতিক ও স্বার্থান্বেষী মহলের উসকানি প্রতিরোধ করতে হবে। শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ, শিল্পের নিরাপত্তা এবং উৎপাদনের ধারাবাহিকতা নিশ্চিত করার মধ্য দিয়েই এ সংকট থেকে উত্তরণ সম্ভব। কোনোভাবেই দেশের প্রধান রপ্তানি খাতকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া যাবে না। কারণ পোশাকশিল্পের ক্ষতি মানে শুধু একটি শিল্পের ক্ষতি নয়, তা দেশের অর্থনীতি ও কোটি মানুষের জীবনজীবিকার ওপর আঘাত।
গার্মেন্ট শ্রমিকদের আন্দোলনের ফলে প্রতিদিন এ খাতে প্রায় ৫০০ কোটি টাকা ক্ষতি হচ্ছে। গার্মেন্ট মালিকদের পক্ষ থেকে বলা হয়েছে, কয়েক দিনের আন্দোলনের ফলে পোশাক খাতের সম্ভাব্য আর্থিক ক্ষতি হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। তবে প্রকৃত ক্ষতির পরিমাণ পেতে আরও সপ্তাহখানেক সময় লাগবে। এদিকে বৈশ্বিক মন্দার কারণে যেসব উন্নত দেশে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে পোশাক রপ্তানি হয়, সেসব দেশে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় পোশাক কেনার গতি কমে গেছে। বায়াররাও অর্ডার বাতিল ও স্থগিত করছেন। পাশাপাশি গার্মেন্ট শ্রমিকদের আন্দোলনে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, রপ্তানির ক্ষেত্রে তার নেতিবাচক প্রভাব পড়েছে।
গার্মেন্ট খাতে একক বৃহত্তর রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত পোশাক রপ্তানি কমেছে ৪.৩০ শতাংশ। ইউরোপের বাজারেও একই আশঙ্কা করা হচ্ছে। বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে একটি ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করে। ক্ষমতায় আসতে না আসতেই ইরান যুদ্ধে পুরো বিশ্বের অর্থনীতি টালমাটাল হয়ে পড়ে। এর প্রভাব বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতিকে আরও নাজুক করে তুলেছে। বলার অপেক্ষা রাখে না, সাধারণ মানুষের জীবনযাপন কষ্টকর হয়ে উঠলে তার দায় সরকারের ওপর পড়ে।
এটাও স্মরণে রাখতে হবে, গার্মেন্ট খাতের বাইরে অন্যান্য শিল্পকারখানাও রয়েছে, তারাও কষ্টের মধ্যে জীবনযাপন করছে। তাদের জন্য কোনো বেতন বোর্ড নেই। তারা আন্দোলন করছে না। সরকার গার্মেন্ট শিল্পকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তাদের উপলব্ধি করতে হবে, গার্মেন্ট মালিকরাও অর্ডার কমে যাওয়া এবং বাতিল হয়ে যাওয়ায় বিপাকে পড়ে গেছেন। পোশাক রপ্তানি করতে না পারলে তাঁরা কোথা থেকে শ্রমিকদের বেতন দেবেন? তাঁরাও অসহায় হয়ে পড়েছেন।
বাংলাদেশ বিশ্বের যেকোনো দেশের তুলনায় সবচেয়ে কম দামে বায়ারদের পোশাক সরবরাহ করে। শ্রীলঙ্কা, ভিয়েতনাম, চীনের মতো প্রতিযোগী দেশগুলো বাংলাদেশের চেয়ে বেশি দামে পোশাক বিক্রি করে। বায়াররাও বাংলাদেশের সঙ্গে বার্গেনিং করে পোশাকের দাম কম দেয়। ফলে বাংলাদেশ কম দামে পোশাক বিক্রির ফাঁদে পড়ে গেছে। যদি প্রতিযোগী দেশগুলোর সমান দামে পোশাক বিক্রি করতে পারত, তাহলে গার্মেন্ট খাতের আয়ও বেশি হতো, শ্রমিকদেরও বেতন ও সুযোগসুবিধা বেশি দিতে পারত। বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তাদের আন্দোলন করতে হতো না। এ বিষয়টিও শ্রমিকদের বুঝতে হবে। তবে গার্মেন্ট মালিকদের উচিত, সম্মিলিতভাবে কীভাবে পোশাকের দাম বাড়ানো বা প্রতিযোগী দেশগুলোর সমান করা যায়, এ নিয়ে বায়ারদের সঙ্গে আলাপ-আলোচনার উদ্যোগ নেওয়া।
পোশাক শিল্পাঞ্চলে এখন শান্ত পরিবেশ। ছুটির দিনেও কারখানাগুলোতে পূর্ণোদ্যমে উৎপাদন শুরু হয়েছে। এটা শুভলক্ষণ। পর্যবেক্ষকরা বলেছেন, এ খাতে যাতে পুনরায় ষড়যন্ত্র দানা বাঁধতে না পারে, এ ব্যাপারে সরকারকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। গার্মেন্ট খাতের উৎপাদন যেন ব্যাহত না হয়, রপ্তানি বেগবান হয়, তা মনিটর করতে হবে। ষড়যন্ত্রকারীরা যাতে আর অস্থিরতা সৃষ্টি করতে না পারে এবং যারাই জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। সরকারকে মনে রাখতে হবে, ডিসেম্বরে শেখ হাসিনার ফেরাকে সামনে রেখে তাঁর দলের নেতা-কর্মীরা ইতোমধ্যে নানা ধরনের বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছেন। গার্মেন্ট খাত টার্গেট করে শ্রমিকদের আন্দোলন উসকে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারে নেমেছে। পর্যবেক্ষকদের আশঙ্কা, সামনের দিনগুলোতে তাদের সন্ত্রাসী কার্যক্রম আরও বাড়তে পারে। কাজেই সরকারকে এ ব্যাপারে জিরো টলারেন্স থাকতে হবে।




