
রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের রোয়াংছড়িতে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ঘিরে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চার সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের ওয়াগয় পাড়া উপজেলা ঘিলাফুল লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যার উদ্যোগে আয়োজিত সভায় বাঙালি, হিন্দু, বড়ুয়া ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সভায় সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা বলেন, সম্প্রতি ওয়াগয় পাড়া এলাকায় নারীসংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে নানা ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর বা সাম্প্রদায়িক পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, ওয়াগয় পাড়ায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছেন। কোনো বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে যেন এই সম্প্রীতি নষ্ট না হয়, সেদিকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ওয়াগয় পাড়ার ১৭ বছর বয়সী এক কিশোরীকে ঘিরে রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়িচালক মো. সজিবুর রহমানের (৩৭) বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।
পরে বিষয়টি নিয়ে মো. মন্নান ও ওয়াগয় পাড়ার কয়েকজন যুবকের মধ্যে ভুল বোঝাবুঝির জেরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় বলে সভায় জানানো হয়। পরিস্থিতি শান্ত করতে স্থানীয় মুরব্বিদের উদ্যোগে বৈঠকে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, মো. মন্নানের চিকিৎসা ব্যয় বাবদ ২ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির পক্ষ থেকে পা ছুঁয়ে ক্ষমা চাওয়ার মাধ্যমে বিষয়টির সমঝোতা করা হয়।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সম্প্রদায়ের সমাজের মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিসহ অর্ধশতাধিক মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে সামাজিক বা সাম্প্রদায়িক বিরোধে রূপ না নেয়, সে জন্য সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।

