
হেলাল উদ্দিন নকলা(শেরপুর)নিজস্ব প্রতিনিধি
শেরপুরের নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের বারইকান্দি দক্ষিণপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর এলোপাতাড়ি কোপে পা হারিয়েছে ৯ম শ্রেণির স্কুলছাত্র মো. শাকিল মিয়া (১৫)।
গত ১৫ জুন (রোববার) দুপুরে এই নির্মম হামলায় গুরুতর আহত হয় শাকিল। হামলার পর স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ঘটনার পরদিন শাকিলের পরিবারের পক্ষ থেকে নকলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও কিছু অজ্ঞাত কারণে অভিযোগটি প্রত্যাহার করে নিতে উদ্যোগ নেন বাদী। তবে নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান অভিযোগ প্রত্যাহারে অনীহা জানিয়ে শাকিলের পরিবারের সদস্যদের আইনগত সহায়তার ব্যাপারে সচেতন করেন।
তিনি বলেন, “আইনি সহযোগিতায় কোনো ঘাটতি থাকবে না। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
ওসি হাবিবুর রহমান আরও জানান, ঢাকায় চিকিৎসাধীন শাকিলের চিকিৎসা খরচ মেটাতে হসপিটালের সমাজসেবা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে নকলা উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে সুপারিশ করেন।
শাকিলের পরিবারের কেউ যদি হুমকির শিকার হন, তাহলে সঙ্গে সঙ্গেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শাকিলের দ্রুত সুস্থতা কামনায় পরিবার ও এলাকাবাসী প্রার্থনা করছে।

