মূল সংবাদে ফিরুন
ই-পেপারতারিখ: 28 November 2026দৈনিক প্রথম বাংলা

কর্মস্থলে ফিরেছেন পোশাকশ্রমিকরা

টানা কয়েক দিনের শ্রমিক আন্দোলন, বিক্ষোভ-অসন্তোষের পর দেশের প্রধান পোশাকশিল্পাঞ্চলগুলোতে ফিরতে শুরু করেছে স্বাভাবিক কর্মপরিবেশ। গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভার-আশুলিয়ায় অধিকাংশ কারখানা খুলেছে। গতকাল সকাল থেকেই শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে ফিরে উৎপাদন কার্যক্রমে অংশ নিয়েছেন। শিল্পাঞ্চলগুলোর সড়কেও যান চলাচল ছিল স্বাভাবিক। কোথাও বড় ধরনের শ্রমিক বিক্ষোভ, কর্মবিরতি কিংবা সড়ক অবরোধের ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গাজীপুর প্রতিনিধি জানান, গতকাল সকাল ৮টা থেকে টঙ্গী, গাছা, বোর্ডবাজার, মালেকের বাড়ি, ছয়দানা, ভোগড়া, জয়দেবপুর চৌরাস্তা, কোনাবাড়ী, কাশিমপুর, কালিয়াকৈর, চন্দ্রা ও নাওজোড়সহ বিভিন্ন এলাকার কারখানাগুলো খুলে দেওয়া হয়। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ সুপার আমজাদ হোসাইন (পিপিএম) বলেন, শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে ফিরে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল কোথাও শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া যায়নি। প্রতিদিনের মতোই শ্রমিকরা কাজে যোগ দিয়ে উৎপাদন কার্যক্রম চালিয়েছেন।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ বলেন, শ্রমিকরা কাজে ফিরে গেছেন। নিম্নতম মজুরি বোর্ড ঘোষিত মজুরি কাঠামোকে তাঁরা সাধুবাদ জানিয়েছেন এবং স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চালাচ্ছেন। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সেগুলো মজুরি-সংক্রান্ত নয়, বরং কারখানার অভ্যন্তরীণ বিষয়।

সাভার প্রতিনিধি জানান, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলেও স্বাভাবিক হচ্ছে উৎপাদন কার্যক্রম। অধিকাংশ কারখানায় শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে।

সাভারের হেমায়েতপুর, উলাইল, রেডিও কলোনি এবং আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, জিরাবো ও বাইপাইলসহ বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিকদের স্বাভাবিকভাবে কাজে যোগ দিতে দেখা গেছে। সকাল থেকে বিকাল পর্যন্ত কোথাও বিক্ষোভ, কর্মবিরতি কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।