ছানাউল্লাহ সাকিব । সিংগাইর(মানিকগঞ্জ)নিজস্ব প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইরে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন জামশা বাজার পবিস গ্রাহক সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে জামশা ও আশপাশের এলাকার বিদ্যুৎ গ্রাহকদের দোরগোড়ায় আরও দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দেওয়ার নতুন দ্বার উন্মোচিত হলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মইনুল ইসলাম খান শান্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সমিতি বোর্ডের সহ-সভাপতি বদর উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার (এসজিএম) প্রকৌশলী মো. গোলাম মোস্তফা।
সভাপতির বক্তব্যে প্রকৌশলী মো. গোলাম মোস্তফা বলেন, সাধারণ গ্রাহকরা যেন সহজে ও হয়রানিমুক্তভাবে বিদ্যুৎ-সংক্রান্ত সেবা পেতে পারেন, সে লক্ষ্যে গ্রাহকসেবার মান আরও উন্নত করতে হবে। এ জন্য গ্রাহক ও পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও আন্তরিকতা বজায় রাখা জরুরি।
তিনি বলেন, জামশা বাজার ও আশপাশের এলাকা সিংগাইর জোনাল অফিসের চারিগ্রাম এলাকা থেকে বেশ দূরে হওয়ায় বিশেষ করে ঝড়-বৃষ্টিসহ প্রতিকূল আবহাওয়ায় জরুরি বিদ্যুৎ সমস্যায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো অনেক সময় কঠিন হয়ে পড়ে। এসব বিষয় বিবেচনায় নিয়ে স্থানীয় গ্রাহকদের দ্রুত সেবা নিশ্চিত করতে জামশা বাজারে এ গ্রাহক সেবা কেন্দ্র চালু করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রাহকদের দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে প্রাথমিকভাবে এ কেন্দ্রে তিনজন লাইনম্যান এবং একটি নতুন মোটরসাইকেল বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এ কেন্দ্রে আরও জনবল বৃদ্ধি করা হবে। ফলে বিদ্যুৎ বিভ্রাট, লাইন মেরামত ও অন্যান্য জরুরি সেবায় স্থানীয় গ্রাহকরা আগের তুলনায় আরও দ্রুত সহায়তা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে এসজিএম বলেন, বিদ্যুতের চাহিদা পূরণ ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। লোডশেডিংমুক্ত বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা এবং সরকারের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্য বাস্তবায়নে গ্রাহকদের সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত হতে হবে।
এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জামশা বাজারের এই গ্রাহক সেবা কেন্দ্র ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ জোনাল অফিসে পরিণত হতে পারে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিংগাইর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) গোলাম রাব্বানী। এ সময় উপস্থিত ছিলেন সমিতির এজিএম দেবব্রত ভৌমিক, ওয়্যারিং পরিদর্শক দেলোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিদ্যুৎ বিভাগের গ্রাহকরা।
নতুন এ গ্রাহক সেবা কেন্দ্র চালুর ফলে জামশা ও আশপাশের এলাকার বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি কমবে এবং জরুরি প্রয়োজনে দ্রুত সেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
