মূল সংবাদে ফিরুন
ই-পেপারতারিখ: 20 November 2026দৈনিক প্রথম বাংলা

সারা দেশে বৃষ্টি বাড়ছে শীতের অনুভূতি

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। গতকাল অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, কোথাও বজ্রসহ বৃষ্টি হয়েছে। আজও কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় আকভান উত্তর দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, এটি গতকাল দুপুরের আগেই উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যে বৃষ্টির সার্বিক পরিস্থিতি তুলে ধরা হলো- ঢাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি : ঢাকায় বৃহস্পতিবার সকাল থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজও বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

মৌলভীবাজারে বেড়েছে শীতের অনুভূতি : মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে শীতের অনুভূতি বেড়েছে। বুধবার গভীর রাতে শুরু হওয়া বৃষ্টি গতকাল সকালেও অব্যাহত ছিল। বৃষ্টির সঙ্গে হিমেল বাতাসে শহর ও গ্রামাঞ্চলের মানুষকে শীতের পোশাক পরতে দেখা গেছে। শ্রীমঙ্গলে কাজ চলছে চা-বাগান শ্রমিকদের : বৃষ্টির মধ্যেও শ্রীমঙ্গলের বিভিন্ন চা-বাগানে শ্রমিকদের কাজ করতে দেখা গেছে। তবে দিনমজুরদের কেউ কেউ কাজে বের হতে পারেননি। এদিকে আবহাওয়ার পরিবর্তনে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টের মতো ঠান্ডাজনিত সমস্যা বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চুয়াডাঙ্গায় দুর্ভোগে শ্রমজীবীরা : চুয়াডাঙ্গায় রাতে শুরু হওয়া গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে। গতকাল সকাল থেকে শহরে মানুষের চলাচল কম ছিল। গ্রাম থেকে আসা অনেক শ্রমিক কাজ না পেয়ে বাড়ি ফিরে গেছেন। যাত্রী কম থাকায় অলস সময় কাটিয়েছেন ভ্যান ও রিকশাচালকরা।

রাজবাড়ীতে অতিবৃষ্টিতে কৃষিতে ক্ষতির শঙ্কা : রাজবাড়ীতে টানা বৃষ্টিতে বিভিন্ন ফসলের ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে। এতে জেলার শীতকালীন সবজি, পিঁয়াজের বীজতলা ও ধান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন কৃষক। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা সদর ও বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত : চাঁদপুরে টানা বৃষ্টিপাতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে বাড়তে শুরু করেছে শীতের আমেজ। গত ২৪ ঘণ্টায় জেলায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

কুমিল্লার বৃহৎ সবজির বাজারে ক্রেতা নেই : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন কুমিল্লার নিমসারের ব্যবসায়ীরা। বৃষ্টির কারণে বাজারে ক্রেতার উপস্থিতি কমে যাওয়ায় বিভিন্ন ধরনের সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে।

ঘূর্ণিঝড়ের শঙ্কায় কলাপাড়ার কৃষক : গতকাল সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে মাঠে থাকা পাকা আমন ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। একই সঙ্গে সদ্য বপন করা তরমুজের বীজ নষ্ট হওয়ার আশঙ্কাও করছেন তাঁরা।

খাগড়াছড়ির ফসলের মাঠে মাঠে শঙ্কায় কৃষক : খাগড়াছড়ির মাঠে মাঠে এখন চলছে আমন ধান কাটার উৎসব। পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কিষান-কিষানিরা। কোথাও চলছে ধান কাটা, আবার কোথাও মাড়াইয়ের কাজ। তবে গত দুই-তিন দিনের হালকা বৃষ্টিতে ধান কাটা ও ঘরে তোলা নিয়ে কিছুটা শঙ্কায় পড়েছেন কৃষক। খাগড়াছড়ি সদরের নিউজিল্যান্ড বিলসহ বিভিন্ন এলাকার মাঠে এখন আমন ধান কাটার ব্যস্ততা। আগাম জাতের ধান চাষ করা কৃষক ইতোমধ্যে কাটা শুরু করেছেন। পরিবারের সবাই কাটা, মাড়াই ও ঘরে তোলার কাজে ব্যস্ত। নতুন ধান ঘরে তোলার আনন্দে কৃষকের মুখে ফুটেছে হাসি।