মূল সংবাদে ফিরুন
ই-পেপারতারিখ: 20 November 2026দৈনিক প্রথম বাংলা

‘থানা জনগণের সম্পদ, পোড়ালে পুলিশ দায়িত্ব পালন করবে কীভাবে’

গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির বলেছেন, জেলাটিতে যারা অস্থিরতা সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জেলার সার্বিক পরিস্থিতি বর্তমানে ভালো রয়েছে। এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সবার সহযোগিতা করতে হবে। যারা অশান্তি সৃষ্টি করে, শান্তিপ্রিয় জনগণকে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

শুক্রবার বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউস থেকে বের হওয়ার সময় আইজিপি এসব কথা বলেন।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ পুলিশ লাইনস পরিদর্শন শেষে আইজিপি এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) প্রধানরা সার্কিট হাউসে পৌঁছান। তারা বিকেল ৪টার দিকে সার্কিট হাউস ত্যাগ করেন।

আইজিপি বলেন, ‘থানা জনগণের সম্পদ। সেটা পুড়িয়ে দিলে পুলিশ কীভাবে দায়িত্ব পালন করবে? আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা ও সমর্থন জরুরি। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সেজন্য সবাইকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বান জানাচ্ছি।’

নাগরিকরা আইন মেনে না চললে এবং জনগণ পুলিশকে সহযোগিতা না করলে আইনশৃঙ্খলা বজায় রাখা কঠিন বলে তিনি মন্তব্য করেন।

তিনি উল্লেখ করেন, কোনো থানায় ১০ লাখ মানুষের নিরাপত্তার দায়িত্বে মাত্র ২০ জন পুলিশ সদস্যও থাকতে পারেন। এ অবস্থায় তাদের দায়িত্ব পালনের জন্য জনগণের সহযোগিতা ও নৈতিক সমর্থন অপরিহার্য।

আইনশৃঙ্খলা বজায় রাখতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করে আইজিপি বলেন, ‘জনগণ যা চাইবে, সরকার তাই করবে। দয়া করে এমন পরিস্থিতি তৈরি করবেন না, যাতে আপনাদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নিতে হয়।’