ভোর ৫টায় ঘুম থেকে উঠেই চার সদস্যের পরিবারের জন্য রান্না সারেন মিরপুর দুয়ারিপাড়ার পোশাকশ্রমিক সাবিনা আক্তার। এরপর তড়িঘড়ি চলে যান গার্মেন্টের কাজে। অসুস্থ স্বামী এবং দুই সন্তাসসহ পুরো পরিবারের খাওয়া ও থাকার খরচ সাবিনাকে একাই উপার্জন করতে হয়। কিছু টাকা আবার গ্রামে থাকা অসুস্থ মা-বাবাকেও পাঠান সাবিনা। কিন্তু এই পোশাকশ্রমিকের যে মজুরি তাতে বর্তমান বাজারে এক রুমের ঘরভাড়া দিয়ে, বাজার করে, সন্তানদের ভরণপোষণ সামলানো সাবিনার জন্য কষ্টের। প্রায়ই ধারদেনা করে সংসারের খরচ টানতে হয় তাকে। দিনের পর দিন ভাত, ভর্তা, ডাল ও ডিম দিয়েই পেট ভরে সাবিনার পরিবারের। মাসে হয়তো দুই-তিনবার তেলাপিয়া বা চাষের পাঙাশ মাছ খাওয়ার সুযোগ হয়। সাবিনার মতোই সংকটে দিন কাটছে দেশের বেশির ভাগ পোশাকশ্রমিকের। কারণ তাদের ন্যূনতম মাসিক মজুরি মাত্র ১২ হাজার ৫০০ টাকা। বর্তমানে পণ্যের বাজারমূল্য অনুযায়ী এই মজুরিতে জীবনধারণ অসম্ভব হয়ে উঠেছে শ্রমিকদের। এজন্য মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে এখন দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিক। মিরপুর ১২ নম্বর এলাকায় পোশাকশ্রমিক মাজেদা খাতুন বলেন, আমরা পাঁচ ভাইবোন। গাইবান্ধায় মা-বাবা ঠিকমতো খাবার দিতে পারত না বলে পরিচিত এক মহিলার মাধ্যমে ঢাকায় এসে গার্মেন্টে কাজ শুরু করি। কিন্তু এখানে যে মজুরি পাচ্ছি তাতে ঘরভাড়া আর খাবারের খরচ দিয়ে কিছুই আর হাতে থাকছে না। মাস শেষে গ্রামে পরিবারও টাকার আশায় তাকিয়ে থাকে। কিন্তু এখানে যত পরিশ্রম করতে হয় তার তুলনায় যে মজুরি পাই তাতে জীবন চালানো কষ্টের। সম্প্রতি পোশাকশ্রমিকদের অনেকেই বাংলাদেশ প্রতিদিনকে জানান, স্বল্প মজুরি দিয়ে মাসের শেষে যখন তাদের হাতে টাকা থাকে না তখন কেউ কেউ ধার করে, নিজের স্বর্ণালংকার বন্ধক রেখে কোনো রকমে দিন কাটান। কেউ কেউ একবেলা খেয়ে, কেউ মুড়ি, চিড়া ও বিস্কুট খেয়ে পেটে ক্ষুধা নিয়েই কাজে যান। হাতে টাকা না থাকায় অনেকেই সন্তানকে স্কুলের বদলে মাদ্রাসায় পাঠান। প্রয়োজন হলেও চিকিৎসকের কাছে তারা যেতে পারেন না। ইউনিভার্সিটি অব নটিংহামের রাইটস ল্যাব এবং গুডওয়েব ইন্টারন্যাশনাল যৌথভাবে ‘মডার্ন সেøভারি অ্যান্ড চাইল্ড লেবার ইন বাংলাদেশ’স গার্মেন্ট সেক্টর : ডকুমেন্টিং রিস্ক অ্যান্ড ইনফর্মিং সলিউশন’ শীর্ষক এক গবেষণায় দেশের পোশাকশ্রমিকদের দুরবস্থা ফুটে ওঠে। এতে বলা হয়, জীবন বাঁচাতে বাংলাদেশের পোশাকশ্রমিকরা কোনো রকম বেঁচে আছেন। শ্রমিকদের কমপক্ষে ১০ ঘণ্টার বেশি কাজ করতে হয়। ন্যূনতম মজুরির কারণে উল্লেখযোগ্যসংখ্যক শ্রমিক ঋণ করে জীবন কাটাচ্ছেন। পুরুষের চেয়ে নারী শ্রমিক বেতন কম পান এবং নির্যাতনের শিকারও তাদের বেশি হতে হয়। এ ছাড়া কর্মক্ষেত্রে শ্রমিকদের শারীরিক, মানসিক নির্যাতন, যৌন হয়রানি ও চাকরি হারানোর মতো হুমকি পেতে হয়। এই গবেষণায় আরও উল্লেখ করা হয় যে, তারা কম মজুরির কারণে পরিবারের জন্য পর্যাপ্ত খাবার কিনতে পারেন না। বেশির ভাগ সময়ই ভাত-ডাল খান। মাসে দুই-একবার মাছ-ব্রয়লার মুরগি খান। বাড়িভাড়া দেওয়ার পর এই শ্রমিকদের যে টাকা থাকে তা দিয়ে কোনোমতে শুধু পেট ভরার জন্য খাবার খান। অথচ বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। এইচঅ্যান্ডএম, জারা, গ্যাপ, প্রাইমার্কের মতো বৈশ্বিক ব্র্যান্ডগুলোর পোশাক তৈরি করে বাংলাদেশের এই পোশাকশ্রমিকরা। দেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে পোশাকশিল্প থেকে। প্রায় ৪০ লাখেরও বেশি মানুষ এই শিল্পে কাজ করেন। যার মধ্যে উল্লেখযোগ্যসংখ্যকই নারী শ্রমিক। গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি ও শ্রমিকনেত্রী মোশরেফা মিশু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ভারত, পাকিস্তান, ভিয়েতনাম এই দেশগুলো পোশাক খাতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশ। কিন্তু বাংলাদেশের পোশাকশ্রমিকদের মজুরি এই দেশগুলোর চাইতেও অনেক কম। এই দেশগুলোতে শ্রমিক অধিকারের বিষয়গুলো অনেক বেশি নিশ্চিত করা হয়। কিন্তু বাংলাদেশে শ্রমিকরা অত্যন্ত নোংরা পরিবেশে থাকেন এবং অপুষ্টির শিকার। অথচ তারা দেশের জন্য উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেন।
নারী পোশাকশ্রমিকের কষ্টের জীবন
