মূল সংবাদে ফিরুন
ই-পেপারতারিখ: 17 November 2026দৈনিক প্রথম বাংলা

নিয়ামতপুরে পুকুর ভরাট সংক্রান্ত সংবাদের প্রতিবাদ: ঘটনার সাথে নূরে আলম সুজার কোনো সম্পৃক্ততা নেই

নিয়ামতপুর (নওগাঁ)নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি ‘দৈনিক প্রথম বাংলা’ পত্রিকায় (প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬) “নিয়ামতপুরে নূরে আলম সুজার নেতৃত্বে সরকারি ও আদিবাসীদের শ্মশানের পুকুর ভরাট করে পাকা বাড়ি নির্মাণ” শিরোনামে প্রকাশিত সংবাদটির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। প্রকাশিত ওই সংবাদের সাথে স্থানীয় বিএনপি নেতা নূরে আলম সুজার কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে নিশ্চিত করা হয়েছে।
প্রতিবাদলিপিতে জানানো হয়, নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৫নং রসুলপুর ইউনিয়নের মুন্দিখৈর মৌজায় সরকারি পুকুর বা আদিবাসী সম্প্রদায়ের শ্মশানের পুকুর ভরাট এবং পাকা স্থাপনা নির্মাণের যে অভিযোগ তোলা হয়েছে, তার সাথে নূরে আলম সুজার দূরতম কোনো সম্পর্কও নেই। একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এবং ব্যক্তিগত ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সাংবাদিকদের ভুল ও বানোয়াট তথ্য দিয়ে এই ভিত্তিহীন সংবাদটি প্রকাশ করিয়েছে।
নূরে আলম সুজা জানান, “আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং এলাকার সাধারণ মানুষ ও সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় কাজ করে আসছি। সরকারি সম্পত্তি বা শ্মশানের পুকুর দখলের মতো জঘন্য কাজের সাথে আমার জড়িত থাকার প্রশ্নই ওঠে না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নাম জড়িয়ে যে সংবাদ প্রচার করা হয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
এলাকাবাসী ও সচেতন মহলের মতে, প্রকৃত ঘটনা আড়াল করতে এবং রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই সংবাদে তাঁর নাম ব্যবহার করা হয়েছে। অবিলম্বে এই বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদের সংশোধনী প্রকাশের দাবি জানানো হয়েছে।