প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৯, ২০২৬, ৭:০০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ১১:৪৫ পি.এম
হোমনায় গণঅভ্যুত্থান দিবসে বিএনপি ও পদবঞ্চিত বিএনপি নেতাকর্মীদের বর্ণাঢ্য শোভাযাত্রা।

মোঃ তারিকুল ইসলাম, হোমনা, কুমিল্লা।
কুমিল্লার হোমনায় ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লার হোমনায় মঙ্গলবার (৫ আগস্ট) এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে পৃথকভাবে শোভাযাত্রার আয়োজন করে পদবঞ্চিত ও ত্যাগী বিএনপি নেতাকর্মী এবং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ
উদ্যোগে পৃথক বিজয় র্যালি বের করা হয়।
সকালে হোমনা চৌরাস্তা থেকে শুরু হয়ে একটি শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন পদবঞ্চিত ও ত্যাগী বিএনপি নেতাকর্মীরা। শোভাযাত্রাটি নেতৃত্ব দেন হোমনা উপজেলার সাবেক দুই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জহিরুল হক এবং অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা।
বক্তারা বলেন, “৫ আগস্ট শুধু একটি স্মৃতির দিন নয়, এটি নতুন বাংলাদেশের সূচনার প্রতীক। এক বছর আগে এই দিনে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানে স্বৈরাচারী অপশাসনের অবসান ঘটে। অথচ সেই বিপ্লবের প্রকৃত নায়করা আজও দলীয় অবমূল্যায়নের শিকার।” তারা ত্যাগী ও পদবঞ্চিতদের যথাযথ মূল্যায়নের দাবি জানান।
অন্যদিকে, একই দিনে হোমনা উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে র্যালিতে অংশ নেন। হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে র্যালিটি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, “৫ আগস্ট আমাদের জন্য সংগ্রাম, ঐক্য ও বিজয়ের স্মারক দিন। এই দিনে আমরা নতুন প্রত্যয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করার আহ্বান জানাই।”
এই দুই আয়োজনেই বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি হোমনার রাজপথকে আন্দোলনের শক্তি ও ত্যাগের বার্তায় মুখর করে তোলে।
র্যালি চলাকালে “গণতন্ত্র মুক্তির লড়াই”, “ফ্যাসিবাদ নিপাত যাক” ও “তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে চলুক বাংলাদেশ” — এই ধরনের শ্লোগানে মুখরিত হয় জনপদ।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত