প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ৬:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৬, ৫:৪০ এ.এম
সুনামগঞ্জের ছাতকে পুলিশের রাতভর অভিযান:ইয়াবাসহ গ্রেপ্তার ১,জব্দ ১৪লাখ টাকার পিকআপ

সুনামগঞ্জের ছাতকে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের একটি ডিআই পিকআপ গাড়িও জব্দ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ৯নং জাউয়াবাজার ইউনিয়নের কৈতক পয়েন্ট এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন, পিপিএম-এর নির্দেশনায় জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই দেবাশীষ শর্মার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে কৈতক পয়েন্টের ইকবাল ভেরাইটিজ স্টোর নামের ভূষিমালের দোকানের সামনে পাকা রাস্তা থেকে মোঃ রুকন মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রুকন মিয়া ছাতক উপজেলার হরিশ্বরন গ্রামের আব্দুল জলিলের ছেলে। পুলিশ তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, যার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা। একই সঙ্গে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের একটি ডিআই পিকআপ গাড়ি জব্দ করা হয়।
পরে গ্রেফতারকৃত যুবক ও উদ্ধারকৃত আলামত ছাতক থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ছাতক থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
তথ্যসূত্র: ছাতক থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি।
Copyright © 2026 দৈনিক প্রথম বাংলা . All rights reserved.