সন্দ্বীপ থেকে রিদুয়ানুল বারী
সন্দ্বীপের সার্বিক উন্নয়ন ভাবনা ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় সন্দ্বীপ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সন্দ্বীপের উন্নয়ন, স্বাস্থ্যসেবা, অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা এবং চট্টগ্রাম-সন্দ্বীপ নৌরুটের নানা সমস্যা গুরুত্ব পায়।
সভায় উপস্থিত ছিলেন সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হাওলাদার, উপজেলা নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম, সন্দ্বীপ-চট্টগ্রাম সেতু বাস্তবায়ন আন্দোলন পরিষদের নির্বাহী কুদরতুল মাওলা জোয়ান, সন্দ্বীপের সাংবাদিকবৃন্দ ও বিএনপির নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে সাংবাদিকরা সন্দ্বীপের বর্তমান সার্বিক পরিস্থিতি এবং দ্বীপবাসীর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অভ্যন্তরীণ সড়ক যোগাযোগের টেকসই উন্নয়ন এবং চট্টগ্রামের সঙ্গে সন্দ্বীপের যোগাযোগব্যবস্থাকে আরও কার্যকর ও নিরাপদ করার বিষয়ে আলোচনা হয়।
এ সময় চট্টগ্রাম-সন্দ্বীপ নৌরুটের চরম অব্যবস্থাপনা, যাত্রী হয়রানি, অনিয়ম এবং নৌযান পরিচালনায় কথিত নৌ-রাজ্য ও স্বেচ্ছাচারিতার বিষয়টি বিশেষভাবে উঠে আসে। সাংবাদিকরা বলেন, নৌপথটি সন্দ্বীপবাসীর প্রধান যোগাযোগের মাধ্যম হলেও দীর্ঘদিন ধরে এ রুটে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সাংবাদিকরা সন্দ্বীপের টেকসই উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, নৌযোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং অভ্যন্তরীণ যোগাযোগ অবকাঠামোর উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সন্দ্বীপের উন্নয়ন ভাবনা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন। সন্দ্বীপের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ ও অবকাঠামোগত সমস্যাগুলো সমাধানে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা হয়।
মতবিনিময় সভাটি সন্দ্বীপের উন্নয়ন ও নাগরিক দুর্ভোগ নিরসনে বিভিন্ন পক্ষের মধ্যে পারস্পরিক মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।