প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৬, ১২:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ৫:০১ পি.এম
শৈলকুপায় চুলার আগুনে পুড়ল স্বপ্ন: নিঃস্ব পরিবার, লক্ষাধিক টাকার ক্ষতি

মোঃ হোসেন আলী বিশ্বাস, শৈলকুপা (ঝিনাইদহ) বিশেষ প্রতিনিধি।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের নাদপাড়া গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩১ ডিসেম্বর, ২০২৫) সন্ধ্যা ৬টা ২০ মিনিট থেকে ৭টা ১০ মিনিটের মধ্যে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে মো: বাবুল (৫২) নামের এক ব্যক্তির একটি বসত ঘর, একটি রান্নাঘর ও একটি গোয়ালঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত জমির শেখের ছেলে মো: বাবুলের বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ঘরগুলোতে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনার সংবাদ পেয়ে শৈলকূপা আর্মি ক্যাম্পের একটি টহল দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। আগুনে বসতবাড়ির আসবাবপত্র ও ঘর পুড়ে আনুমানিক ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত