প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৫, ২০২৬, ৯:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৬, ৬:২০ পি.এম
বাউফলে ১০ দলীয় ঐক্যজোটের নির্বাচনী বিশাল সমাবেশ

মো. ফোরকান, বাউফল (পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের '‘দাঁড়িপাল্লা’' প্রতীকের সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকালে বাউফল পাবলিক মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার আমীর মাওলানা মুহা. ইসহাক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও জোটের শীর্ষ নেতা আল্লামা মামুনুল হক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মরহুম আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা এ দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে চাই। তবে এক ফ্যাসিস্টকে সরিয়ে আরেক ফ্যাসিস্টকে ক্ষমতায় বসানোর জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি। আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজ, দখলদার ও দুর্নীতিমুক্ত। জনগণের অধিকার ও ভোটের মর্যাদা ফিরিয়ে আনতেই ১০ দলীয় ঐক্য গঠিত হয়েছে। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের কোনো বিকল্প নেই।
প্রধান বক্তা বলেন, বাউফলবাসী সৌভাগ্যবান যে তারা ড. শফিকুল ইসলাম মাসুদের মতো একজন শিক্ষিত, সৎ ও জনবান্ধব প্রার্থী পেয়েছেন। দেশ গড়ার লড়াইয়ে আর কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজের জায়গা হবে না।
বিশেষ অতিথি বলেন, দেশে নৈতিকতা ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। ইনসাফ কায়েমের লক্ষ্যে ১০ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করতে সর্বস্তরের জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে।
জোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ আবেগঘন কণ্ঠে বলেন, আমি বাউফলের এমপি হতে আসিনি, বরং বাউফলবাসীকে এমপি বানাতে চাই। আমি ক্ষমতার মোহে নয়, আপনাদের ছিনতাই হওয়া অধিকার ফিরিয়ে দিতে লড়াই করছি। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিশ্চিত করে একটি আধুনিক ও ইনসাফভিত্তিক বাউফল উপহার দেব।
এছাড়াও বক্তব্য রাখেন, জোটের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত