প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ৬:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৬, ৩:১৩ পি.এম
পাবনা মানসিক হাসপাতালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার অভিযান।

জামাল হোসেন । স্টাফ রিপোর্টার,পাবনা
পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একজনের বিরুদ্ধে পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত জেলা প্রশাসক পাবনার নির্দেশক্রমে এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) পাবনার গোপন তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আলীম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের তৎপরতা নিয়ে এনএসআই পাবনা গোপন অনুসন্ধান চালায়। অনুসন্ধানে দালালদের সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হওয়ার পর এনএসআইয়ের উপপরিচালক ও একজন সদস্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে এনএসআই পাবনার যুগ্ম পরিচালক জেলা প্রশাসককে বিষয়টি জানান। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারায় দোষী সাব্যস্ত করে পাঁচজনকে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. হাবিল মণ্ডল (৬৫), মো. বিপুল (৪২), জুয়েল হোসেন (৩২), সুজন আলী (৪২) ও ওয়ারেস (৪০)। তারা সবাই পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ও কিসমতপ্রতাপপুর এলাকার বাসিন্দা।
এ ছাড়া মো. হাফিজুর রহমান মাহফুজ (৪০), পিতা আবুল হাশেম, হেমায়েতপুর, পাবনা সদর, পাবনার বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এনএসআই পাবনার গোপন অনুসন্ধান ও জেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগে পরিচালিত এ অভিযানের মাধ্যমে পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের তৎপরতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Copyright © 2026 দৈনিক প্রথম বাংলা . All rights reserved.